চট্টগ্রমে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহিদুল ইসলাম শহিদ হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২৩১ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত মামলার তদন্ত কর্মকর্তার দাখিল করা চার্জশিট শুনানি শেষে গ্রহনের এ আদেশ দেন।
আদালত সুত্র জানায়, গত ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার উপ-পরিদর্শক- এসআই মো.ফয়সাল ২৩১ জনকে আসামি করে দণ্ডবিধি আইনের ৩০২ ধারায় আদালতে অভিযোগপত্র জমা দেন। এটি ২০২৪ সালের বছরের জুলাই আন্দোলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাগুলোতে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে প্রথম অভিযোগপত্র।এ মামলায় মোট ৮৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
২০২৪ সালের ৩ আগস্ট সন্ধ্যায় নগরের বহদ্দারহাটে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় একাধিক পিস্তল, শর্টগানসহ ভারী অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন আওয়ামী লীগের কর্মীরা। এসময় গুলিবিদ্ধ হন অটোরিকশাচালক শহিদ। পরে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শহিদের ভাই শফিকুল ইসলাম চান্দগাঁও থানায় মামলা করেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী ও আ জ ম নাছির উদ্দীন, সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভীসহ আওয়ামী লীগ নেতরা।