

নিজস্ব প্রতিবেদক:
দেশে খাদ্য মজুদ বাড়াতে নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে অন্তর্বতী সরকার। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে যে পরিমাণ খাদ্য মজুত থাকা উচিত তার চেয়েও বেশি রেখে যেতে কাজ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ''খাদ্যবান্ধব ও ওএমএস কর্মসূচি" বিষয়ক মত বিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন খাদ্য উপদেষ্টা।
এসময় উপদেষ্টা আলী ইমাম মজুমদার আরো বলেন, প্রধান উপদেষ্টা বারবার বলেছেন ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হবে। বর্তমানে দেশে ১৬ লক্ষ টন চাল ও ১ লক্ষ টন গম মজুদ আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন- এছাড়া আমেরিকা ও রাশিয়া থেকেও বেশ কয়েকটি খাদ্যবাহী জাহাজ দেশে আসছে। বাজারে চালের দাম কমাতে সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে উপদেষ্টা বলেন- ৫৫ লক্ষ মানুষকে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। আগে ৫ মাসের জন্য দেওয়া হলেও এখন ছয় মাসের জন্য দেওয়া হচ্ছে।
এছাড়া খাদ্য মজুদ বাড়াতে নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে আমেরিকা থেকে গম আমদানির জন্য নতুন করে আরো চুক্তি করা হচ্ছে।
অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।