নিজস্ব প্রতিবেদক -
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
চাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার চাকসু প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান। আর ৯টি ছাত্র, ৪টি ছাত্রী হল ও ১টি হোস্টেলের প্রভোস্টবৃন্দ হল ও হোস্টেল সংসদের প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শহিদ হৃদয় চন্দ্র তরুয়া ও শহিদ ফরহাদ হোসেনের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
৩৫বছর পর নির্বাচনে চাকসুর কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রশিবিরের সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ইব্রাহিম হোসেন রনি ও সাধারণ সম্পাদক (জিএস) পদে একই প্যানেলের সাঈদ বিন হাবিব নির্বাচিত হন। আর যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক নির্বাচিত হন। এ ছাড়া কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের মধ্যে ২৪টিতেই ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হন।