
নিজস্ব প্রতিবেদক-
শেখ হাসিনা আইন-নিয়মের তোয়াক্কা না করে ক্ষমতা ভোগ করেছেন নিজের জন্য পরিবার ও আত্মীয় স্বজনের জন্য, শত শত ভরি স্বর্ণ কিনে মজুদ করেছেন বিলাসের জন্য এবং তাঁর লোকজনদের দিয়ে দেশের ব্যাংক লুট করে বিদেশে পাচার করে ব্যাংকগুলোকে ঝাজড়া করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মীরের খিল প্রাইমারি স্কুল মাঠে 'আমরা বিএনপি পরিবার' আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা ও সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে কারাগারে নেওয়া হয়েছে, খাবারে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। দেশনেত্রী শত নির্যাতন-নিপীড়নের শিকার হয়েও দেশ ছাড়েননি এদেশের মানুষকে ভালোবেসে।
সমাজে এখন অস্ত্রের ঝনঝনানি হচ্ছে, খুনোখুনি হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে। না হয় ভালো নির্বচন সম্ভব নয়। এসময় তিনি চট্টগ্রামে যে হত্যাকান্ডগুলো হয়েছে আইনশৃঙ্খলা কঠোর থাকলে হয়ত তা হতোনা এমন মন্তব্যও করেন।
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন,বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল,‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমূখ উপস্থিত ছিলেন।