
বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস শাখা ও এনএসআই চট্টগ্রামের যৌথ অভিযানে মোট ৪৪০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। কাস্টমস সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত এসব সিগারেটের আনুমানিক মূল্য ২৯ লাখ ৮০ হাজার টাকা।
সূত্র জানায়, রাত ৯টা ৫২ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান মিনহাজুল করিম সজীব নামে এক যাত্রী। ফটিকছড়ি উপজেলার বাসিন্দা ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২০০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই সময় আন্তর্জাতিক আগমনী হলের লাগেজ বেল্টের ওপর পরিত্যক্ত অবস্থায় আরও ২৪০ কার্টুন বিদেশি সিগারেট পাওয়া যায়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত সিগারেট থেকে মোট ২৯ লাখ ৮০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যাত্রীর কাছ থেকে উদ্ধার ২০০ কার্টুন সিগারেট থেকে ৭ লাখ টাকা এবং পরিত্যক্ত অবস্থায় পাওয়া ২৪০ কার্টুন সিগারেট থেকে ২২ লাখ ৮০ হাজার টাকা রাজস্ব হিসাব করা হয়।
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, যাত্রীর কাছ থেকে উদ্ধার করা সিগারেটের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। একইভাবে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার সিগারেটের চালানও কাস্টমসের জিম্মায় রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীকে বিমানবন্দর কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।