
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন একমাত্র বিএনপিই বাস্তবায়ন করতে পারবে। জনগণের ঢল নেমেছে রাস্তায়। ধানের শীষের জোয়ার শুরু হয়ে গেছে। মানুষ দীর্ঘদিন ধরে এর জন্য অপেক্ষা করছিল। সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে। আজ জনগণ বিএনপির সেই ত্যাগের প্রতিদান দিচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নগরের কদমতলী এলাকা থেকে গণসংযোগ শুরুর সময় তিনি এসব কথা বলেন। গণসংযোগকালে তিনি কদমতলী মোড়, মাদারবাড়ি ডিটি রোড, দুই নম্বর গলি, জুগিচাঁদ মসজিদ লেন, মাঝির ঘাট স্টেশন কলোনি, আইস ফ্যাক্টরি রোড, নালাপাড়া, পুরাতন কাস্টম ও মালুম মসজিদ এলাকাসহ বিভিন্ন স্থানে যান। এ সময় বিপুলসংখ্যক বিএনপির নেতাকর্মী, সাধারণ মানুষ ও নারীরা গণসংযোগে অংশ নেন।
এর আগে নগরের উত্তর কাট্টলি নাজির বাড়িতে বাবা সাবেক মন্ত্রী মরহুম মাহমুদুন্নবী চৌধুরী ও মা মরহুমা মেহেরুন্নেসা চৌধুরীর কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন আমীর খসরু।
গণসংযোগকালে আমীর খসরু বলেন, গত ১৬–১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা গুম, খুন, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ত্যাগের স্বীকৃতি আজ দেশের মানুষ দিচ্ছে।
তাই মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। জনগণই ঠিক করবে দেশ কোন পথে যাবে।
ভোটের মাধ্যমে সরকার গঠনের প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতা নিশ্চিত করবে এবং প্রত্যাশা পূরণ করবে—তাদেরই জনগণ নির্বাচিত করবে।