
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে মিছিলের ভিডিও ধারণ করার সময় সড়কে পড়ে গিয়ে সাইদুল ইসলাম চিশতী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নগরের স্টেডিয়াম সংলগ্ন হল টোয়েন্টিফোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সাইদুল ইসলাম চিশতী, সে নগরীর এনায়েত বাজার ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মালেক জানান, মিছিল চলাকালে চিশতী মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল। এ সময় হঠাৎ পেছন দিকে ঘুরে সে সড়কে পড়ে যায়। পড়ে যাওয়ার পরপরই তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ন্যাশনাল হসপিটাল চট্টগ্রাম এন্ড সিগমা ল্যাব লিমিটেডের জরুরি বিভাগের মোবাইল ফোন অপারেটর মো. রিয়াদ বাংলানিউজকে বলেন, রোববার বেলা ১২টার দিকে সাইদুল ইসলাম চিশতীকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। তবুও হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।