
নিজস্ব প্রতিবেদক-
সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক হওয়ার বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের নির্বাচনী মুখপাত্র মাহাদী আমিন।
ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর নগদ অর্ধ কোটিরও বেশি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করেছে পুলিশ। যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়িক লেনদেনসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই সর্বত্র প্রশ্ন উঠছে।বুধবার রাজধানীর গুলশানের ৯০ নম্বর রোডের নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, দেশের সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে জামায়াতের একটি জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে, কী উদ্দেশ্যে এবং কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন? এই অর্থ কোনো ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে কিনা— এটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। এটি স্পষ্টত নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন এবং গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা।
তিনি আরও বলেন, যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে, তাদের কাছে প্রশ্ন— টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতিবিরোধী অবস্থানের সঙ্গে কতটা সংগতিপূর্ণ।
তিনি বলেন, “ইতোপূর্বে দেখেছি দেশব্যাপী দলটির নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডি নিয়েছেন। তবে বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে এভাবে অবৈধ অর্থ প্রেরণ বা ‘জান্নাতের টিকিটে’র প্রলোভনকে দেশবাসী ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে।”
এই নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার লড়াই। এই নির্বাচন শহীদ এবং গুম হওয়া প্রতিটি সন্তানের মায়ের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার সংকল্প। এই নির্বাচন আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। আমরা বিশ্বাস করি— নেতিবাচক রাজনীতি নয়; ইতিবাচক, জনসম্পৃক্ত ও গণমুখী রাজনীতির ভিত্তি হতে পারে। নির্বাচন, আগামীকাল তার মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে ফেরত আসবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে বিজয় হোক বাংলাদেশের, বিজয় হোক বাংলাদেশের মানুষের।