
নিজস্ব প্রতিবেদক-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ৭৫ হাজার ৫৪২ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম। তিনি ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন সর্বমোট ১ লাখ ২৬ হাজার ৯৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম শাহজাহান ‘মোমবাতি’ প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৪৫০ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা ফলাফল ঘোষণা করেন।
আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত এ আসনে ১৯৯৬ সালে আওয়ামী লীগের আখতারুজ্জামান বাবু-কে পরাজিত করে এবং ২০০১ সালে আতাউর রহমান খান কায়সারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সরওয়ার জামাল নিজাম। এবারের বিজয়ের মাধ্যমে তিনি চতুর্থবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন।
এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদুল হাসান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৫ হাজার ৩০টি। জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী লাঙ্গল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৪০টি। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম’র মোহাম্মদ এমরান সিংহ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২০৪টি। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মু. রেজাউল মোস্তফা আপেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৯১টি। গণঅধিকার পরিষদের মো. মুজিবুর রহমান চৌধুরী ট্রাক প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৮৮টি।
এই আসনের ১১৯টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফল ঘোষণা করা হয়েছে। মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন। নির্বাচনে মোট ভোট পড়েছে ২ লাখ ২১ হাজার ৩৫টি। ভোট প্রদানের হার ছিল ৫৫ দশমিক ৯২ শতাংশ। আসনটিতে ভোট বাতিল হয়েছে ৭ হাজার ৬০টি।
গণভোটে এই এলাকার ভোটাররা তাঁদের রায় জানিয়েছেন। গণভোটের ফলাফলে দেখা যায়, ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৬ হাজার ৬২৯টি, আর ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮০ হাজার ৫৮০টি। গণভোটে মোট ২ লাখ ২২ হাজার ৯১১টি ভোট পড়েছে এবং ১৫ হাজার ৭০২টি ভোট বাতিল হয়েছে।