
নিজস্ব প্রতিবেদক -
বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসির মহাব্যবস্থাপক শিপ পার্সোনাল পদে পদোন্নতি পেলেন ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী। গতকাল ১১মার্চ বিএসসির সচিব আবু সাফায়াৎ মোহাম্মদ শাহেদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশে ইঞ্জিনিয়ার মঈন উদ্দিন আহমেদ মজুমদারকে মহাব্যবস্থাপক জাহাজ মেরামত মোহাম্মদ হান্নানকে সহকারী ব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান করা হয়।
পদোন্নতি প্রাপ্ত মহাব্যবস্থাপক শিপ পার্সোনাল ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী বলেন, পদোন্নতি মানে দায়িত্ব বেড়ে যাওয়া আমি মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে ধাপে ধাপে চীফ ইঞ্জিনিয়ার হিসেবে দেশী-বিদেশী জাহাজে দক্ষতার সাথে কাজ করেছি সেই সাথে বেসরকারি মেরিন একাডেমিতে শিক্ষকতা করেছি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের উর্ধতন কতৃপক্ষ আমার উপর আস্থা রেখে মহাব্যবস্থাপক পার্সোনাল হিসেবে দায়িত্ব দিয়েছেন তা সততা ও নিষ্ঠার সাথে পালন করব। সেই সাথে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশী মেরিনার ও শিপিং সেক্টরের সুনাম বৃদ্ধিতে কাজ করে যাব।
ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী চট্টগ্রামের বাঁশখালীর পূর্ব পুইছড়ি গ্রামেরমরহুম এজহার মিয়া ও ফজিলাতুন নেছা দম্পতির সন্তান। তার মা ফজিলাতুন নেছা ‘রত্নগর্ভা মা’ হিসেবে জাতীয় স্বীকৃতি লাভ করেন। তিনি সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে বাংলাদেশ মেরিন একাডেমিতে ভর্তি হন।
মেরিটাইম সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিফ ইঞ্জিনিয়ার সনদ লাভ করেন এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে ফ্লিট শিপ ম্যানেজমেন্টের অধীনে নরওয়েজিয়ান টেকের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়াসহ প্রায় ৬০টি দেশে সমুদ্রযাত্রায় নেতৃত্ব দেন।