
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার টেরিবাজার এলাকায় একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোহাম্মদ ইউনুস (৫২) ও সোলাইমান (২৮) নামে দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কেবি অর্কিড প্লাজা নামে ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতদের মধ্যে মোহাম্মদ ইউনুসের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার বধুপুর মির্জা বাড়ি এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ ইয়াসিন খালিফা। এছাড়া নিহত সোলাইমানের বাড়ি একই উপজেলার পাচুরিয়া এলাকায়। তার বাবার নাম মামনুল কাদের।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, টেরিবাজারে আগুনের ঘটনায় দগ্ধ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদেরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা কর্মকর্তা বলেন, ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ১০টা ৫৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।