
নিজস্ব প্রতিবেদক -
জেল হাজতে থাকা বহিস্কৃত ইসকন নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি হয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ মার্চ) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুতাসিম বিল্লাহর আদালতে এ শুনানি হয়।
মামলার নথি থেকে জানা যায়,২০২৩সালে পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বাবা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বাদি হয়ে চিন্ময় কৃষ্ণ দাসসহ ছয়জনকে আসামি করে নালিশি মামলা দায়ের করে।
বাদি পক্ষের আইনজীবী জানায়, নালিশি মামলায় পিবিআইয়ের প্রতিবেদন পাওয়ার পর কারাগারে থাকা চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত কোনো আদেশ না দিয়ে আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখে।
২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও একাধিক মামলা হয়।