
নিজস্ব প্রতিবেদক-
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন (এমপি) বলেছেন, দেশে বর্তমানে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তার জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার।
সোমবার (২০ এপ্রিল) সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত ও সংস্কার করতে চায়। রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কার না আনলে চলমান সংকট থেকে মানুষকে উদ্ধার করা সম্ভব হবে না।
তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত গ্যাস মজুত থাকা সত্ত্বেও বিগত সরকার গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ নেয়নি। বরং আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর নির্ভরশীলতা তৈরি করেছে। এর ফলে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালীর সংকটের প্রভাবে দেশকে এখন ভুগতে হচ্ছে। নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানো গেলে এই সংকট অনেকটাই এড়ানো যেত।
গণমাধ্যম প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণমাধ্যমের মূল দায়িত্ব জনসেবা করা। তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে যেন কোনো বাধা না আসে, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের সেবার লক্ষ্য নিয়েই রাজনীতি করছে। দুর্বল রাষ্ট্র কাঠামোর সীমাবদ্ধতা জনগণের সামনে তুলে ধরে তা সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বরিশাল বিভাগের আটটি উপজেলায় ১০ লাখ ৬২ হাজার ৫৪০ জনকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৮ হাজারের বেশি কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।
এদিকে, চলতি বছরে বরিশাল বিভাগে ১ হাজার ৯৯০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে।