
নিজস্ব প্রতিবেদক-
দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পাচার ও অপচয় রোধ করে জ্বালানি খাতে শৃঙ্খলা আনতেই সরকার সীমিত পরিসরে মূল্য বৃদ্ধি করেছে।
সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদীয় ইতিহাসে মুলতবি প্রস্তাব সাধারণত বিরোধী দল থেকে আনা হয় সরকারকে চাপে ফেলতে। তবে বর্তমান সেশনে ইতোমধ্যে দুটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যা একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। একই সেশনে আরও একটি মুলতবি প্রস্তাব গ্রহণ করা হলে তা ভবিষ্যতে নেতিবাচক প্রথা তৈরি করতে পারে।
জ্বালানির মূল্য বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনগণের জন্য সহনীয় পর্যায়ে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। জাতীয় অর্থনীতি যখন এ ব্যয় বহন করতে পারছিল না, তখন এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কম দামে জ্বালানি থাকলে অপচয় ও পাচারের ঝুঁকি বাড়ে—এই প্রবণতা নিয়ন্ত্রণেই মূল্য সমন্বয় করা হয়েছে।
বিরোধীদলীয় নেতার অভিযোগের জবাবে তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইতোমধ্যে সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে পরিসংখ্যানসহ প্রমাণ করেছেন যে দেশে তেল ও গ্যাসের কোনো সংকট নেই। তাই সংসদ মুলতবি রেখে আলোচনার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, সংসদ মুলতবি না করে ৬৮ বিধিতে জরুরি জনস্বার্থের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা যেতে পারে। স্পিকারের কাছে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।