
আপডেট ডেস্ক
লিবিয়ার ভূমধসাগরের উপকূলে নৌকা ভেঙে শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ১৭ জন অভিবাসনপ্রত্যাশী এবং আরও অন্তত ৯ জন এখনও নিখোঁজ আছেন। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্টের লিবিয়া শাখা এবং দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তবরুকের উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে নৌকাটি ভেঙে পড়েছিল এবং আট দিন ধরে সাগরে ভাসছিল। দেশটির নৌবাহিনী, কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থল এবং তার চার-পাশ থেকে এ পর্যন্ত ১৭ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।
অনুসন্ধান কার্যক্রম ইতোমধ্যে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
নিখোঁজ ৯ জনের মরদেহ সাগরের ঢেউয়ে তীরে ভেসে আসবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, আফ্রিকার দারিদ্র্যপীড়িত সাব-সাহারান অঞ্চরের দেশগুলোর অভিবাসনপ্রত্যাশীদের কাছে সাগরপথে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া বেশ জনপ্রিয় একটি রুট। আফ্রিকা মহাদেশে মোট দেশের সংখ্যা ৫৪টি। এসব দেশের ৪৭টিই সাব সাহারান অঞ্চলভুক্ত।
যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারা কে কোন দেশের নাগরিক তা জানা না গেলেও সবাই সাব-সাহারান অঞ্চলের বলে জানা গেছে।