
স্পোর্টস ডেস্ক-
রাজশাহীতে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতেও হতাশা কাটাতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সিরিজ আগেই হারানো দলের সামনে শেষ ম্যাচে ছিল মান বাঁচানোর সুযোগ, তবে বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে ৩ রানে হেরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হয়েছে স্বাগতিকদের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ৯ ওভারে নামিয়ে আনা হয়। আগে ব্যাট করে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল তোলে ৮৭ রান। জবাবে ৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ৮৪ রানেই থামে বাংলাদেশ।
শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৩ রানে ওপেনার দিলারা আক্তার ফিরে যান। এরপর জুয়ায়রিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি ৩০ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগান। জুয়ায়রিয়া ১৫ বলে ২১ রান করে আউট হলে চাপে পড়ে যায় দল।
সোবহানা মোস্তারি ১৫ বলে ২১ রান করে বিদায় নিলে ম্যাচের নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়ে। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৪ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি একটি ছক্কা মেরে আশা জাগালেও শেষ পর্যন্ত ১৩ রানেই থামেন। নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেটে ৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।
এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার দুই ওপেনার চামিরা আত্তাপাত্তু ও ইমেশা দুলানি দারুণ সূচনা করেন। ৩.৩ ওভারে ৪৩ রান তোলেন তারা। পরে দ্রুত কিছু উইকেট হারালেও অধিনায়ক চামিরার ২৭ বলে ৪১ রানের ইনিংসে লড়াকু সংগ্রহ পায় সফরকারীরা।
বাংলাদেশের বোলারদের মধ্যে সুলতানা ৮ রানে ৩ উইকেট নেন। এছাড়া সানজিদা আক্তার মেঘলা একটি উইকেট শিকার করেন।
শেষ পর্যন্ত ৩ রানের এই হারে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ নারী দল।