
নিজস্ব প্রতিবেদক-
এবি ব্যাংক লিমিটেড-এর জুবিলী রোড শাখা থেকে প্রায় ৪৭ কোটি ৪৯ লাখ টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের মামলায় সীতাকুণ্ডের তনহা স্টিলের মালিক গিয়াস উদ্দিন ওরফে কুসুমকে ১১ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৩ মে) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত-এর বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন (৫৩) সীতাকুণ্ড থানার উত্তর ছলিমপুর এলাকার বাসিন্দা। তবে মামলার অপর আসামি মোহাম্মদ নুরুন্নবী অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, বৈদেশিক ও স্থানীয় এলসির মাধ্যমে ব্যাংক থেকে প্রায় ৪৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৮৮৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন গিয়াস উদ্দিন। এলসির বিপরীতে আনা পণ্য ব্যাংকের নিয়ন্ত্রণে না রেখে বিক্রি বা অন্যত্র সরিয়ে ফেলা হয় এবং ঋণের অর্থ পরিশোধ করা হয়নি।
দুর্নীতি দমন কমিশন-এর পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, ১২ জন সাক্ষীর সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির ৪০৯ ধারায় ৫ বছর, ৪২০ ধারায় ১ বছর এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ ধারায় আরও ৫ বছর সশ্রম কারাদণ্ড দেন।
এছাড়া আসামিকে ৪৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৮৮৫ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায়ের সময় গিয়াস উদ্দিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ মার্চ এবি ব্যাংকের এক কর্মকর্তা কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ৪০৯/৪২০/১০৯ ধারা ও মানিলন্ডারিং আইনে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০২১ সালের ৭ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।