
নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রামের হালিশহর নয়াবাজার বিশ্বরোডে এলাকায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠককালে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ-এর ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, এটি কোনো সাধারণ বৈঠক ছিল না; বরং দেশের বাইরে অবস্থানরত নেতাদের সঙ্গে সমন্বয় করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা চলছিল।
সিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈঠকরত অবস্থায় ১৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষণার পরও ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গোপনে চলছিল। বিদেশে পলাতক নেতাদের নির্দেশনায় স্থানীয় পর্যায়ে সংগঠন পুনর্গঠনের চেষ্টা চলছিল বলেও অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে সারা দেশে সংগঠনটির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।