
নিজস্ব প্রতিবেদক-
বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন না মমতা ব্যানার্জি। পরাজয়ের ফলাফল প্রত্যাখ্যান করে তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজভবনে গিয়ে পদত্যাগ করবেন না।
বুধবার সংবাদ সম্মেলনে অল ইন্ডিয়া তৃণমুল প্রধান বলেন, “আমি কেন রাজভবনে যাব? শপথ নিতে গেলে যেতাম। ওরা দখল করেছে। আমি পদত্যাগ করতে যাব না। আমরা ভোটে হারিনি, আমি ইস্তফা দেব না।”
তার এই বক্তব্যে পরিষ্কার হয়েছে, রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল তিনি এবং ক্ষমতা ছাড়ার কোনো ইচ্ছা নেই।
নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে মমতা দাবি করেন, প্রায় ১০০টি আসনে ভোট লুট হয়েছে। তার অভিযোগ, গণনাকেন্দ্রে তৃণমূলের প্রতিনিধিদের মারধর করে বের করে দেওয়া হয়েছে।
এছাড়া নির্বচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর সমালোচনা করে বলেন, তারা “গুণ্ডার মতো আচরণ করেছে” এবং এমন নির্বাচন তিনি আগে কখনও দেখেননি।
পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে সোনিয়া গান্ধি রাহুল গান্ধি, শিবসেনা পার্টির উদ্ধব ঠাকরে এবং হেমন্ত সোরেনসহ একাধিক বিরোধী নেতার সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি। তবে সম্ভাব্য জোট বা ভবিষ্যৎ কৌশল নিয়ে এখনই কিছু বলতে চাননি।
তৃণমূল প্রধান আরও বলেন, তার ব্যক্তিগতভাবে ক্ষমতার প্রতি কোনো আগ্রহ নেই, তিনি মানুষের জন্য কাজ করে যেতে চান। একই সঙ্গে তিনি দাবি করেন, “সঠিকভাবে পরাজিত হলে অবশ্যই পদত্যাগ করতাম। কিন্তু আমাকে জোর করে হারানো হয়েছে, তাই পদত্যাগের প্রশ্নই ওঠে না।”