
নিজস্ব প্রতিবেদক-
বাংলাদেশ ব্যাংক দেশে ব্যক্তিগত ঋণ ও গাড়ি কেনার ঋণে বড় ধরনের সুবিধা বাড়িয়েছে। নতুন সার্কুলার অনুযায়ী, একজন ব্যক্তি এখন থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল ঋণ নিতে পারবেন, যা আগে ছিল ২০ লাখ টাকা।
মঙ্গলবার (৫ মে) জারি করা এ সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে অটো লোনে বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রচলিত (সাধারণ) গাড়ির ক্ষেত্রে একজন গ্রাহক সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা করা হয়েছে।
এছাড়া ঋণ ও নিজস্ব বিনিয়োগের অনুপাতেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ গাড়ির ক্ষেত্রে ব্যাংক ঋণ ও গ্রাহকের নিজস্ব অর্থের অনুপাত হবে সর্বোচ্চ ৬০:৪০। অন্যদিকে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে তা বাড়িয়ে ৮০:২০ নির্ধারণ করা হয়েছে, যা গ্রাহকদের জন্য আরও সহজ শর্ত তৈরি করবে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যক্তির মোট ঋণঝুঁকি (এক্সপোজার) হিসাব করার সময় তার নির্ভরশীল সদস্যদের নেওয়া অটো লোনও বিবেচনায় আনা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে একদিকে যেমন ব্যক্তিগত ঋণপ্রাপ্তি সহজ হবে, অন্যদিকে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।