
নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রাম নগরীর ইপিজেড (সিইপিজেড) মোড় এলাকায় বাসের বাড়তি ভাড়া দাবির প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। বুধবার (৬ মে) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ থাকে।
অবরোধে অংশ নেওয়া শ্রমিকদের অভিযোগ, কোরিয়ান ইপিজেড-গামী শ্রমিকদের কাছ থেকে গত কয়েকদিন ধরে পরিবহন শ্রমিকরা বাড়তি ভাড়া আদায় করছিল। বিকল্প পরিবহন চালুর উদ্যোগ নেওয়া হলেও রুট পারমিট জটিলতায় তা বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে ক্ষোভে সড়কে নামেন তারা।
ইপিজেড থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, কর্মস্থলে যাওয়ার সময় নির্ধারিত পরিবহনে বাড়তি ভাড়া দাবি করা হলে শ্রমিকরা ৪ নম্বর রুটে একটি বাস চালুর চেষ্টা করেন। তবে বাসটির নির্ধারিত রুট পারমিট না থাকায় পরিবহন শ্রমিকরা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
তিনি আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে পরিবহন মালিকরা গাড়িপ্রতি প্রায় ৫০০ টাকা ভাড়া বাড়িয়েছিলেন। এই অতিরিক্ত ভাড়া মেনে নিতে না পারায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
পরবর্তীতে পরিবহন মালিকপক্ষ ও পুলিশের মধ্যস্থতায় আলোচনার পর শ্রমিকদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন এবং কাজে ফিরে যান। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।