
নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রাজু নামের এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় রেশমি আক্তার নামের এক পথচারী শিশুও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে রৌফাবাদ শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত রাজুর বাড়ি রাউজান উপজেলায়। তিনি দুই দিন আগে বোনের বাসায় বেড়াতে রৌফাবাদে এসেছিলেন। ঘটনার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, “কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় রেশমি আক্তার নামের এক শিশু দোকানে যাওয়ার পথে গোলাগুলির মধ্যে পড়ে চোখে গুলিবিদ্ধ হয়। তার চোখে গুলি লাগে। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
পুলিশ নিহত রাজুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।