
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-এর জামিনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা একটি মামলার তদন্তভার পরিবর্তনের নির্দেশ দিয়েছেন আদালত।
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে মামলাটির দায়িত্ব সরিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ আদেশ দেন। নিহত আইনজীবী আলিফের ভাই মামলাটি দায়ের করেন। এর আগে মামলার তদন্তভার ছিল ডিবি উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল-এর ওপর।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘটিত সহিংসতা ও আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলাটি দীর্ঘদিন ধরে তদন্ত করছিল ডিবি। তবে দীর্ঘ সময়েও দৃশ্যমান অগ্রগতি না হওয়া এবং তদন্ত কার্যক্রম নিয়ে অসন্তোষের কারণে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আবেদন করেন মামলার বাদী।
মামলার আইনজীবী ও চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, শুনানি শেষে আদালত অধিকতর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পিবিআইকে দায়িত্ব দেয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার এজাহারভুক্ত শতাধিক এবং অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনের কাউকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ কারণেই তদন্ত সংস্থা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নাকচ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সময় ইসকন-পন্থী শত শত ব্যক্তি আদালত এলাকায় হামলা ও ভাঙচুর চালায়। সংঘর্ষের একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
ঘটনাটিকে কেন্দ্র করে হত্যা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।