
ঢাকা প্রতিবেদক-
দেশের শীর্ষ বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-সহ ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এ ভিসি নিয়োগের আদেশ জারি করে পরে তা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগ দেওয়া হয়। নতুন ভিসিদের চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয়-এ উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর ভিসি হয়েছেন অধ্যাপক ড. এম এম শরীফুল করিম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়-এ নিয়োগ পেয়েছেন ড. মো. মামুন অর রশিদ।
এছাড়া জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ ড. মো. মোশাররফ হোসেন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ অধ্যাপক মোহাম্মদ ইকবাল এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ অধ্যাপক গোলাম রব্বানী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীম এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ ড. জয়নুল আবেদীন সিদ্দিকী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
অন্যদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. একরামুল হক।
এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুর রহমানকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হলেও সন্ধ্যায় সেই আদেশ বাতিল করা হয় বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।