
নিজস্ব প্রতিবেদক-
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে ঈদের আগে কাজের ধারাবাহিকতা বজায় রাখতে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা রাখা হবে।
এদিকে জরুরি পরিষেবা খাতগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিযোগাযোগ ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব খাতে নিয়োজিত কর্মী ও যানবাহন।
হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন কার্যক্রমও ছুটির বাইরে থাকবে। এছাড়া জরুরি দায়িত্বে নিয়োজিত অন্যান্য অফিসও প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে এবং আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা জারি করবে।
বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানার ছুটি সংক্রান্ত বিষয় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্ধারণ করবে।
উল্লেখ্য, এর আগে ৭ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাত দিনের ছুটি ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়। আগে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি নির্ধারিত থাকলেও এবার একদিন বাড়িয়ে ২৫ মে থেকে তা কার্যকর করা হয়েছে।