
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর জানাজায় অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (জাতীয় নাগরিক পার্টি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর বনানী মাঠ-এ তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে নাহিদ ইসলাম উপস্থিত হয়ে মরহুমার প্রতি শ্রদ্ধা জানান।
জানাজা শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, কারিনা কায়সার জুলাই গণঅভ্যুত্থানের একজন সহযোদ্ধা ছিলেন। তিনি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে উল্লেখ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি আরও বলেন, “সারা দেশের মানুষসহ জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত সবাই শ্রদ্ধার সঙ্গে কারিনা আপুকে স্মরণ করছে।” তিনি জানান, রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) সকাল ৭টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পারিবারিক ও চিকিৎসক সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা কায়সার। পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং হেপাটাইটিস-এ ও ই-সংক্রান্ত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়।
অবস্থা গুরুতর হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে আইসিইউতে নেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান।