
নিজস্ব প্রতিবেদক-
ইরানের কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হামলায় একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়, যেখান থেকে পঞ্চম ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল।
বুধবার (২৭ মে) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সেন্টকম আরও দাবি করেছে, হরমুজ প্রণালির আশপাশে হুমকি হিসেবে চিহ্নিত চারটি ইরানি ড্রোনও ভূপাতিত করেছে মার্কিন বাহিনী।
অন্যদিকে, ইরানি গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে গত মঙ্গলবারও দক্ষিণ ইরানে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। ফলে তিন দিনের ব্যবধানে এটি দ্বিতীয় মার্কিন হামলা।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং তিন মাস ধরে চলা সংঘাত বন্ধে আলোচনা চলমান থাকলেও এর মধ্যেই নতুন করে হামলার ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে।
এদিকে বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরান প্রায় নিঃশেষিত অবস্থায় আলোচনা চালাচ্ছে।” একই সঙ্গে তিনি জানান, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচন তার যুদ্ধকৌশলে কোনো প্রভাব ফেলবে না।