
ফিফা বিশ্বকাপ ট্রফির উচ্চতা ৩৭ সেন্টিমিটার এবং ব্যাস ১৩ সেন্টিমিটার। এর ওজন প্রায় ৬ দশমিক ১ কেজি। ট্রফিটি ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি, যেখানে মোট ৬ হাজার ১৭৫ গ্রাম সোনা ব্যবহার করা হয়েছে।
ট্রফির নকশায় দেখা যায়, দুই ব্যক্তি মাথার ওপর পৃথিবীকে তুলে ধরেছেন। এর মাধ্যমে ফুটবলের বিশ্বজনীনতাকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। তবে ট্রফিটি পুরোপুরি কঠিন সোনার নয়; ভেতরের অংশ ফাঁপা রাখা হয়েছে, যাতে এর ওজন নিয়ন্ত্রণে থাকে এবং বিজয়ী খেলোয়াড়দের জন্য বহন করা সহজ হয়।
ট্রফিটির নিচের অংশে রয়েছে সবুজ রঙের মূল্যবান খনিজ ম্যালাকাইটের দুটি স্তর, যা এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।
শুধু ব্যবহৃত সোনা ও অন্যান্য উপকরণের বর্তমান বাজারমূল্য বিবেচনায় বিশ্বকাপ ট্রফিটির মূল্য প্রায় আড়াই লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকার বেশি। তবে এর সূক্ষ্ম কারুকাজ ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় প্রকৃত মূল্য আরও অনেক বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিলামে উঠলে এর দাম কয়েক কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও ধারণা করা হয়।
বর্তমান বিশ্বকাপ ট্রফির নকশা তৈরি করেছিলেন ইতালীয় শিল্পী সিলভিও গাজানিগা। ১৯৭০ সালে ফিফা আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার নকশাটি নির্বাচিত হয়। এর আগে বিশ্বকাপজয়ীরা জুলে রিমে ট্রফি পেতেন। তবে ১৯৭০ সালে তৃতীয়বারের মতো শিরোপা জিতে ব্রাজিল সেই ট্রফির স্থায়ী মালিকানা লাভ করলে নতুন ট্রফি চালু করা হয়।
এরপর থেকেই সোনালি এই ট্রফি জয়ের স্বপ্ন দেখেন বিশ্বের প্রতিটি ফুটবলার।