
আপডেট ডেস্ক
ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর ‘সায়রা’ চরিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের জন্য এনে দিয়েছে নতুন পরিচিতি। দর্শকদের কাছে নিজের নামের চেয়ে এখন চরিত্রের নামেই বেশি পরিচিত হয়ে উঠেছেন তিনি।
শনিবার (৭ জুন) রাতে নাটকটির সাকসেস পার্টিতে অংশ নিয়ে নিজের এই অভিজ্ঞতার কথা জানান সুনেরাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটকের নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুনেরাহ বলেন, “আমি এখন যেখানেই যাই, অনেকেই আমাকে ‘সায়রা’ বলে ডাকেন। কয়েক দিন আগে এক আন্টিও আমাকে দেখে ‘সায়রা’ বলে ডাকলেন এবং প্রশংসা করলেন। আমি বললাম, আমার নাম তো সুনেরাহ। কিন্তু তিনি বললেন, না, আমি তোমাকে সায়রাই বলব।”
তিনি মনে করেন, কোনো চরিত্র যদি দর্শকের হৃদয়ে এভাবে জায়গা করে নিতে পারে, সেটি একজন অভিনেতার জন্য বড় অর্জন। দর্শক যেভাবে ‘সায়রা’ চরিত্রকে আপন করে নিয়েছেন, সেটাকেই তিনি নিজের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটকের নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, অভিনেতা ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার এবং অভিনেত্রী কেয়া পায়েলসহ সংশ্লিষ্টরা। তারা সবাই নাটকটির জনপ্রিয়তা ও দর্শকদের ইতিবাচক সাড়ায় সন্তোষ প্রকাশ করেন।