
চট্টগ্রামে আলোচিত শিশু আয়াত হত্যা মামলায় প্রধান আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত শনিবার মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। মামলায় মোট ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানার নয়ারহাট এলাকায় নিজ বাসার পাশের মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় শিশু আয়াত। পরে তদন্তে বেরিয়ে আসে, মুক্তিপণের উদ্দেশ্যে প্রতিবেশী আবীর আয়াতকে অপহরণ করেন। তবে তাকে লুকিয়ে রাখার উপযুক্ত স্থান না পেয়ে শ্বাসরোধে হত্যা করেন এবং মরদেহ ছয় টুকরো করে সাগরে ফেলে দেন।
ঘটনার পর একই বছরের ৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাটসংলগ্ন সুইচ গেট এলাকার একটি গর্ত থেকে আয়াতের দুই পা উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন একই এলাকা থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মাথা।
দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার এ বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন।