
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের এই উন্মাদনা ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও। সেই আবেগে ভেসেছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী, যিনি বরাবরই ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত।
গত ১৩ জুন নিজের ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে বুবলী লিখেছিলেন, “জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।” হলুদ-সবুজ জার্সিতে তার সেই ছবি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলে।
তবে প্রিয় দল ব্রাজিলের সমর্থক হলেও লিওনেল মেসির পারফরম্যান্সের প্রশংসা করতে কার্পণ্য করেননি এই অভিনেত্রী। মেসির একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “মেসি এত ভালো খেলে কেন? দল যার যার, মেসি কিন্তু সবার।”
পোস্টে তিনি ‘লিওনেল মেসি’, ‘সত্যিকারের জাদুকর’ ও ‘হ্যাটট্রিক’ হ্যাশট্যাগ ব্যবহার করে আর্জেন্টাইন তারকার প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ছোটবেলা থেকেই ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো, কাকা, রোনালদিনহো ও রবিনহো ছিলেন বুবলীর প্রিয় তারকাদের তালিকায়।