
গাজীপুর মহানগরের কলম্বিয়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল চলাকালে রাস্তায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে হুমকিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (২১ জুন) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মিছিলটি বের করা হয় বলে জানা গেছে। এ ঘটনাকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভ মিছিল চলাকালে সড়কে কয়েকজন পুলিশ সদস্যকে দেখে মিছিলকারীদের মধ্যে থেকে ‘একটাও সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি দিতে শোনা যায়।
ভিডিওতে প্রায় ২০ থেকে ৩০ জনকে একটি ব্যানার নিয়ে মিছিল করতে দেখা যায়। ব্যানারে গাজীপুর মহানগর যুবলীগের নাম এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ জুনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উল্লেখ রয়েছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ভিডিওটি তার নজরে এসেছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।