
নিজস্ব প্রতিবেদক
বর্তমান সরকার কথার চেয়ে দৃশ্যমান কাজকে বেশি গুরুত্ব দেয় বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, বিগত সরকারের আমলে উন্নয়নের নামে সীমাহীন দুর্নীতি ও লুটপাট হয়েছে। তবে বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বহুমুখী কল্যাণমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে চারা বিতরণ, হালদা নদীর নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন প্রদান, আমন ধানের প্রণোদনা বিতরণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় সরকার বদ্ধপরিকর। মা-মাছ ও রেণু সংরক্ষণের স্বার্থে যেসব জেলে নির্দিষ্ট সময়ে মাছ ধরা থেকে বিরত থাকেন, তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই এ সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন র্যাব-৭-এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসপি সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
এর আগে সকালে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজিত ‘অনুপ্রেরণামূলক মতবিনিময় সভা’য় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী মীর হেলাল। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সেখানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষার মূল পাঠক্রমের সঙ্গে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও যুক্ত করা হয়েছে। একটি আত্মনির্ভরশীল ও প্রগতিশীল জাতি গঠনে শিক্ষকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।