
নিজস্ব প্রতিবেদক-
মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) রাতে তিনি ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। পরে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে বিমানটি ঢাকায় অবতরণ করে। সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।
গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ২২ জুন তিনি চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশে রওনা হন।
চীন সফরকালে প্রধানমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সফর শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ দফা যৌথ ঘোষণা প্রকাশ করা হয়। এতে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) চীনের সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, কৃষি, শিক্ষা, প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় দেশ সম্মত হয়।
সরকারের পক্ষ থেকে এই সফরকে বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়েছে, যা দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।