
স্পোর্টস ডেস্ক:
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেশটির জরুরি উদ্ধার ও মানবিক সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩ কোটি টাকা) অনুদান দিয়েছেন। ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অনুদানের অর্থ দিয়ে দুর্গত মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হবে।
নেইমার এক প্রতিক্রিয়ায় বলেন, “ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই ছোট্ট সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি ও স্বস্তি বয়ে আনবে।”
এর আগে বুধবার ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জন। এছাড়া ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৩ হাজার ১৪২টি পরিবার।
ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে ভারী উদ্ধারযন্ত্রের সংকট এবং একের পর এক আফটারশকের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
এদিকে মাঠে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন নেইমার। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, চোট কাটিয়ে তারকা ফরোয়ার্ডের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। জাপানের বিপক্ষে নকআউট ম্যাচে আগের চেয়ে বেশি সময় মাঠে থাকার মতো অবস্থায় রয়েছেন বলেও জানিয়েছেন ব্রাজিল কোচ।