
নিজস্ব প্রতিবেদক:
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে কেবল সরকারি দলের বাজেট হিসেবে না দেখে ‘জাতি পুনর্গঠনের বাজেট’ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
প্রধানমন্ত্রী বলেন, “আমি এই মহান সংসদের সব সদস্যের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই—এই বাজেট শুধু সরকারের বাজেট হিসেবে নয়, আসুন আমরা সবাই এটিকে জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে দেখি।”
তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। তবে দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের কষ্ট লাঘব এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারেক রহমান আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাংলাদেশের অর্থনীতিকে নতুন ভিত্তির ওপর দাঁড় করানোর একটি রূপরেখা। সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে উন্নয়ন হবে ন্যায়ভিত্তিক এবং রাষ্ট্র হবে জবাবদিহিমূলক।
তিনি বলেন, “এ বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার কায়েম হতে না পারে, সেটিই হোক আমাদের আজকের প্রত্যয়।”