
শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আবছার উদ্দীন।
স্থানীয় সূত্র জানায়, পোল্ট্রি ব্যবসায়ী লিটনের বাড়িকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত হঠাৎ গুলি ছুড়তে শুরু করে। গুলির বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হামলার শিকার লিটন জানান, রাত আনুমানিক ৮টা ১৬ মিনিটের দিকে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। সে সময় তিনি ঘরের ভেতরে থাকায় প্রাণে রক্ষা পান। হামলাকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের কাউকে শনাক্ত করতে পারেননি বলেও জানান তিনি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।