
চট্টগ্রাম: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পাঁচদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) পর্যটক এক্সপ্রেস ট্রেন চলাচলের মধ্য দিয়ে এ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্র জানায়, ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছে। সেখানে ২০ মিনিট যাত্রাবিরতির পর ট্রেনটি বেলা ১১টা ৪০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, রোববার পর্যটক এক্সপ্রেস ট্রেন চলাচলের মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এ উপলক্ষে রোববার বেলা সোয়া ১১টার দিকে তিনি ষোলশহর স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত রেলসেকশনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এর আগে গত ৭ জুলাই টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম নগরের ষোলশহর ও জানালিহাট স্টেশনের মধ্যবর্তী এলাকায় রেললাইন পানিতে তলিয়ে যায়। ফলে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম রেলস্টেশন ছাড়ার মাত্র পাঁচ মিনিট পর প্রায় এক হাজার যাত্রী নিয়ে আটকা পড়ে।
পরে ট্রেনটি নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম রেলস্টেশনে ফিরিয়ে আনা হয় এবং সাময়িকভাবে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার পলাশ দে বলেন, পর্যটক এক্সপ্রেস দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। বাকি ট্রেনগুলোও পর্যায়ক্রমে এ রুটে চলাচল শুরু করবে।