
ঢাকা: সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে বড় করপোরেট প্রতিষ্ঠান ও উচ্চ আয়ের ব্যক্তিদের কর ফাঁকি বন্ধে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে কর আদায়ে স্বচ্ছতা আনতে খুব শিগগিরই ই-রিটার্ন ব্যবস্থা আরও সম্প্রসারণ এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
রোববার (১২ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ২৩তম দিনে প্রশ্নোত্তর পর্বে দুই সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, করদাতাদের তথ্যভাণ্ডার সমৃদ্ধ করতে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে এপিআই (API) সংযোগের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি কোন খাত থেকে কী পরিমাণ কর আদায় হওয়ার কথা, তা যাচাই করতে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি বলেন, যারা ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের ফলে ২০২৫ সালের অক্টোবরে মূল্যস্ফীতি ৮ দশমিক ১৭ শতাংশে নেমে এসেছিল। তবে আন্তর্জাতিক বাজারের প্রভাবে ২০২৬ সালের মে মাসে তা বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, বাজারে অতিরিক্ত চাহিদাজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার (রেপো রেট) ১০ শতাংশের মতো উচ্চ পর্যায়ে বহাল রাখা হয়েছে।
তিনি আরও বলেন, শুধু চাহিদা নয়, পণ্যের সরবরাহ সংকটও মূল্যস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ। এ সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে ৪১ হাজার কোটি টাকা আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য থেকে এবং বাকি ১৯ হাজার কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক।
অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, এ প্রণোদনা প্যাকেজ বাস্তবায়িত হলে উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পাবে, যা মূল্যস্ফীতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে বাজারভিত্তিক নমনীয় বিনিময় হার ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে বলেও তিনি সংসদকে জানান।