
নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রামের পটিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি আগ্নেয়াস্ত্র, ১২টি দেশীয় অস্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩)।
পুলিশ সুপার জানান, শুক্রবার ডিবি পুলিশের একটি দল পটিয়া থানার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। দুর্গম পথ, প্রতিকূল পরিবেশ এবং সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ঝুঁকি উপেক্ষা করে পরিচালিত ওই অভিযানে দুই অস্ত্রধারীকে আটক করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেলিশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইন্নারপাড়া এলাকায় দেলোয়ার হোসেনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ছয়টি কিরিচ, পাঁচটি দা, একটি ধামা দা, একটি লোহার করাত এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে একই দিন বিকেলে ছাতিভাঙ্গা এলাকার আফছারের গাছবাগানে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা দুটি একনলা বন্দুক ও দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রগুলো সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।
তিনি বলেন, চট্টগ্রামে অপরাধ, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী, অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্ত করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।