
নিজস্ব প্রতিবেদক-
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও তাঁর ছেলে এবং সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রী হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরেন।
এ সময় প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন এবং হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি দেশ পরিচালনায় তাঁর দোয়া কামনা করেন।
সাক্ষাতে দেশের সামগ্রিক পরিস্থিতি ও দেশ গঠনে আলেম-ওলামাদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে হাটহাজারীতে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর মাদরাসায় অপেক্ষমাণ আলেমদের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন তিনি।