
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকার পর এবার চট্টগ্রামেও চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ মহিলা বাস সার্ভিস। গোলাপি রঙের এই বাসে চালক, সহকারী ও যাত্রী—সবাই থাকবেন নারী।
মঙ্গলবার (১৮ আগস্ট) কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা হয়ে পতেঙ্গা রুটে বাসটি চলাচল শুরু করবে। প্রায় ২২ থেকে ২৫ কিলোমিটার দীর্ঘ এ রুটে কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আর কালুরঘাট বা কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা পর্যন্ত ভাড়া ৬৮ টাকা।
বাস সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নারী যাত্রীরা। তাদের মতে, সাধারণ গণপরিবহনে চলাচলের সময় ইভটিজিং, হয়রানি ও অনাকাঙ্ক্ষিত স্পর্শসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। শুধু নারীদের জন্য বাস চালু হওয়ায় এসব ভোগান্তি অনেকটাই কমবে।
নারী যাত্রীরা জানান, কম্বাইন্ড বাসে অনেক সময় ইভটিজিং ও হয়রানির শিকার হতে হয়। আবার নারী যাত্রী কম থাকলে অনেক সময় বাসে উঠতেও দেওয়া হয় না। এখানে চালক, সহকারী ও যাত্রী সবাই নারী হওয়ায় তারা বেশি নিরাপদ বোধ করছেন।
অনেক দিন ধরেই নারীদের জন্য আলাদা বাস চালুর প্রত্যাশা ছিল। এটি প্রশংসনীয় উদ্যোগ। নারীদের জন্য আরও বাস চালু করা উচিত।
বাসটির নারী চালক বলেন, নারী চালক, নারী কন্ডাক্টর ও নারী যাত্রী নিয়ে বাস পরিচালনা করতে পেরে তিনি গর্বিত। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পারাটাই তার কাছে সবচেয়ে আনন্দের।
সংশ্লিষ্টরা বলছেন, এই বাস সার্ভিসের মাধ্যমে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।