
নিজস্ব প্রতিবেদক -
চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টায় ষোলশহর আলমগীর খানকা শরিফ থেকে আল্লামা পীর সাবির শাহর নেতৃত্বে জুলুসটি বের হয়।
হামদ-নাত, তাকবির, দরুদ শরিফ ও জিকির-আসকারের মধ্য দিয়ে জুলুসটি বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস হয়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা-সংলগ্ন জুলুস ময়দানে গিয়ে শেষ হয়। এতে নগরীর বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
জুলুসকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে তোরণ, পতাকা, ফেস্টুন ও ব্যানারে সাজসজ্জা করা হয়। নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভারও বন্ধ রাখা হয়।
জুলুস শেষে আয়োজিত সমাবেশে দেশ-বিদেশের ইসলামী আলোচকরা ঈদে মিলাদুন্নবী (সা.)সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।
উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ১২ রবিউল আউয়াল আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রামে এ জশনে জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে। ওই বছর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) চট্টগ্রামে এ জুলুসের প্রবর্তন করেন।