
নিজস্ব প্রতিবেদক-
কক্সবাজার ভ্রমণ শেষে মোটরসাইকেলে চাঁদপুরে ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চাঁদপুরের কচুয়া উপজেলার সাহাব পাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) এবং শাহার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দিন (২৫)।
পুলিশ জানায়, কক্সবাজার ভ্রমণ শেষে ওই দুই যুবক মোটরসাইকেলে করে চাঁদপুরে ফিরছিলেন। ঠাকুরদিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।