
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ লিপ্ত থাকা এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।
বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এজেল নিউজ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বশির ও সিথি আক্তার।
মন্ত্রণালয় জানায়, পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।
আদালত অপরাধের গুরুত্ব এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের দোষী সাব্যস্ত করেন। এরপর সৌদি আরবের আইনি বিধান অনুযায়ী ‘তাজির’ ব্যবস্থার আওতায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে উচ্চতর কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে দেশটির নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনসহ এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইন প্রয়োগে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।
একই সঙ্গে মন্ত্রণালয় সতর্ক করে জানায়, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।
তবে এ ঘটনায় দুই বাংলাদেশির পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, কিংবা বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়েছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।