
হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা শুনে সেগুলো সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর সরকারি বাসভবনে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্বকারী নেতারা সভায় উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট, জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার নেতারা অংশ নেন।
মিয়া গোলাম পরোয়ার বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য, বঞ্চনা ও অসুবিধার কথা শুনেছেন জামায়াত আমির। এসব বিষয়ে সহযোগিতা চেয়েছেন সম্প্রদায়টির নেতারা। জবাবে ডা. শফিকুর রহমান তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, বিরোধীদলীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমান তাঁর সাংবিধানিক দায়িত্বের বিষয়টিও স্মরণ করেছেন। দেশের সব ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা বলা সরকারের পাশাপাশি বিরোধীদলীয় নেতারও দায়িত্ব।
মিয়া গোলাম পরোয়ারের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান, পূজা ও মন্দিরের নিরাপত্তায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন সভায় উপস্থিত সম্প্রদায়টির নেতারা।
তিনি জানান, ভবিষ্যতেও হিন্দু ধর্মাবলম্বীদের নেতাদের সঙ্গে মতবিনিময় অব্যাহত রাখার কথা বলেছেন জামায়াত আমির। তাদের সমস্যা ও দাবি-দাওয়া শুনে সমাধানে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান
মতবিনিময় সভা-পরবর্তী ব্রিফিংয়ে সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের আমন্ত্রণ জানানোর জন্য জামায়াতে ইসলামীর আমিরকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সুব্রত চৌধুরী বলেন, জামায়াত আমিরের বক্তব্য ও উদ্যোগে তারা সন্তুষ্ট। আগামী দিনে এসব বিষয়ে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে প্রকৃত সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এই আইনজীবী। তিনি বলেন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সম্প্রীতির কথা বলার পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের নেতারা মসজিদের খুতবায়ও এ বিষয়ে আহ্বান জানালে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।