
নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন একটি দক্ষ ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে পুরস্কার বিতরণীর মতো আয়োজনের বিশেষ গুরুত্ব রয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করে। একই সঙ্গে তাদের মধ্যে অধ্যবসায়, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়; এর পাশাপাশি দক্ষ শিক্ষক নিয়োগ, আধুনিক পাঠদান পদ্ধতি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রয়োজন। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে উন্নত সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহ আল আহসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলাম এবং হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী হাটহাজারীর চৌধুরীহাট পল্লী মঙ্গল সমিতির মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে পূজার উপহার বিতরণ করেন।