
নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে টানা ১০ দিনের ছুটি শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। দুর্গাপূজার নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা এ দীর্ঘ ছুটি পাচ্ছেন।
২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, বিদ্যালয়গুলোতে দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। পূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবরও সাপ্তাহিক ছুটি রয়েছে। এরপর ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় সব মিলিয়ে টানা ১০ দিন বন্ধ থাকছে বিদ্যালয়গুলো।
এদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরাও পাচ্ছেন টানা পাঁচ দিনের ছুটি। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এ সময়ের মধ্যে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
অন্যদিকে, কলেজের ছুটির তালিকায় দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের ছুটির বিরতি আরও দীর্ঘ হবে।
সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারিত রয়েছে। ফলে বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ছুটির সময়সূচিতে পার্থক্য থাকছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে। এ কারণে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছুটির মেয়াদে ভিন্নতা থাকতে পারে।