
নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও বৈরাগ ইউনিয়ন পরিষদের পাঁচবারের চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন চৌধুরীর অসমাপ্ত কাজ সম্পন্ন করা এবং ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মেহেদী হাসান চৌধুরী সাকিব।
তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আমার মরহুম পিতা সারা জীবন এই ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং পাঁচবার বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে জনগণের ভালোবাসা অর্জন করেছেন। পিতার সেই আদর্শ ধারণ করেই আমি আপনাদের সেবায় আত্মনিয়োগ করতে চাই।’
সোমবার (১৯ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে ইঞ্জিনিয়ার মেহেদী হাসান চৌধুরী সাকিব বলেন, ‘বৈরাগ ইউনিয়নে ধর্ম-বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ থাকবে না। সবাইকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটি বৈষম্যহীন, আধুনিক ও সুন্দর বৈরাগ ইউনিয়ন গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, এলাকার মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সঙ্গী হওয়া এবং ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়াই তাঁর লক্ষ্য।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি উপস্থিত পূজারি, ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং ইঞ্জিনিয়ার মেহেদী হাসান চৌধুরী সাকিবের বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।