নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
চট্টগ্রামের আনোয়ারায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। রামিসা এন্টারপ্রাইজের প্রধান পৃষ্ঠপোষক হাসান উদ্দিনের পক্ষ থেকে এ বস্ত্র বিতরণ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর পূজামণ্ডপে আয়োজিত অনুষ্ঠানে পূজার্থী নারী-পুরুষের হাতে এসব বস্ত্র তুলে দেওয়া হয়।
১০ নম্বর হাইলধর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কান্তি শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক অবিকল গুপ্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামিসা এন্টারপ্রাইজের প্রধান পৃষ্ঠপোষক হাসান উদ্দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদ সমন্বয় কমিটির জ্যেষ্ঠ সদস্য বাচ্চু দে ও সদস্য পুলক দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বস্ত্র বিতরণকালে হাসান উদ্দিন বলেন, “শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব সবার মাঝে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়। সমাজে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তাঁর পক্ষ থেকে পূজার্থীদের জন্য এই ক্ষুদ্র উপহার। এ সময় তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।